বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পাটি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন এক স্বৈরাচার সরকার গজিয়ে উঠেছে বাংলাদেশে। আমাদের সামনে কঠিন লড়াই।’’
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর লং মার্চে টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাসের পথসভায় বিশেষ অতিথির তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘‘গত ৭ মাসে জনগণের সঙ্গে পদে পদে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল। কথা ছিল দেশের দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, বৈষম্য, থাকবে না। সবই রয়ে গেছে, শুধু স্বৈরাচার পলাতক শেখ হাসিনা দিল্লিতে চলে গিয়েছে।’’
তিনি বলেন, ‘‘আমরা দেখেছি, কিভাবে র্যাবের বিলুপ্তির কথা বলে, তারা র্যাবকে এসআরবি পরিণত করেছে। একইভাবে হাসিনার সরকার তারেকের সরকারে পরিণত হয়েছে। জনগণ একই আছে, আইনকানুন একই আছে, শুধু লোক বদলিয়েছে। দেশের কোনো পরিবর্তন হয়নি।’’
তিনি আরো বলেন, ‘‘তারা বলেছিল ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান করবে, কিন্ত তারা সাধারণ মানুষের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে। কর্মসংস্থান হচ্ছে ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের। আমরা এই রকম বাংলাদেশ হতে দেবো না।’’
টাঙ্গাইলের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘‘আমরা টাঙ্গাইলের মাওলানা ভাসানীর উত্তরসূরি। আমরা বাংলাদেশের জন্য লড়াই করে যাচ্ছি। আমাদের দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। দেশের অভ্যন্তরে যে নতুন স্বৈরাচার, সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম।’’
টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্ব ও সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীরের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান।
এছাড়াও এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদের (বীর বিক্রম), জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, ঢাকা মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর আল্লামা মুফতি মোখলেসুর রহমান কাসেমী, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









