গাজীপুরের শ্রীপুরে নিলুফা বেগম (৬২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি বরইগাছের ডালে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ সময় মরদেহটি হাঁটু গেড়ে বসা অবস্থায় ছিল।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামের জিওসি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিলুফা বেগম ওই গ্রামের আব্দুল আওয়ালের স্ত্রী।
নিহতের ছেলে মো. সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাতে তার বাবা-মা বাড়িতে ছিলেন। রাতে খাবার খেয়ে তারা আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে তার বাবা ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েন। পরে ঘুম থেকে উঠে স্ত্রীকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
সাইফুল বলেন, সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি বরইগাছের ডালে তার মায়ের মরদেহ দেখতে পান। খবর পেয়ে সেখানে গিয়ে তিনি দেখতে পান, ওড়নার এক প্রান্ত তার মায়ের গলায় প্যাঁচানো এবং অপর প্রান্ত গাছের ডালের সঙ্গে বাঁধা। মরদেহটি হাঁটু গেড়ে বসা অবস্থায় ছিল।
এভাবে ফাঁসিতে তার মায়ের মৃত্যু হতে পারে না বলে সন্দেহ প্রকাশ করেন সাইফুল। তবে কীভাবে বা কী কারণে তার মায়ের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নূরু কাশেম বলেন, বরইগাছের ডালের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









