গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ৮৮ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাহমিনা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী ও কথিত মাদক কারবারি কবির হোসেন পালিয়ে যান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা থেকে শনিবার ভোর পর্যন্ত শ্রীপুর থানা পুলিশের একটি দল উপজেলার বরমী মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। পুলিশের দাবি, ওই এলাকার কাজল নামে এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া কবির হোসেনের বসতঘর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার বিকেলে গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরমী মধ্যপাড়ার ওই বাড়ি থেকে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় কবির হোসেন পালিয়ে গেলেও মাদক কেনাবেচার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার স্ত্রী তাহমিনাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বাদী হয়ে নিয়মিত মামলা করেছেন। গ্রেপ্তার তাহমিনাকে শনিবার আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, কবির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা এবং পুলিশকে মারধরের অভিযোগে আরও একটি মামলা রয়েছে।
পলাতক কবির হোসেনসহ এলাকার চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম (ডিবি), অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন (ডিএসবি), সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম (কালিয়াকৈর সার্কেল), গাজীপুরের ডিআইও-১ মো. আবুল বাশার মিয়া এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলমসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









