পটুয়াখালীর বাউফলে এক সেনাসদস্যের কেনা জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে নাজিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোসাম্মৎ রুমা আক্তার ও তার স্বামী স্বপন চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় জমির বেড়া ও গাছপালা সরিয়ে ফেলা এবং বাধা দিতে গেলে মারধরের অভিযোগ করেছেন জমির ক্রেতা মীর হাসান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রায় তাঁতেরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।
মীর হাসান জানান, প্রায় আট মাস আগে তার চাচা হালিম মীরের কাছ থেকে তিন শতাংশ জমি কিনেছেন তিনি। ক্রয়ের পর থেকে জমিটি তার দখলেই রয়েছে। হালিম মীরের মোট ২২ শতাংশ জমির মধ্য থেকে ওই তিন শতাংশ তাকে বিক্রি করা হয়েছে বলে দাবি করেন মীর হাসান।
তার অভিযোগ, জমিটি নিয়ে হালিম মীরের ভাগিনা শাহাবুদ্দিন সিকদারও ওয়ারিশ সূত্রে মালিকানা দাবি করছেন। এ নিয়ে বিরোধের মধ্যে প্যানেল চেয়ারম্যান রুমা আক্তার ও তার স্বামী স্বপন চৌধুরী শাহাবুদ্দিন সিকদারের পক্ষ নিয়ে ওই জমিতে যান। এ সময় জমির বেড়া ও গাছপালা তুলে ফেলা হয়। বাধা দিতে গেলে তার মেজো ভাইকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
অভিযোগের বিষয়ে শাহাবুদ্দিন সিকদার বলেন, জমিটি তার মায়ের সম্পত্তি এবং তারা দীর্ঘদিন ধরে সেটি ভোগদখল করে আসছেন। তিনি দাবি করেন, প্রায় দুই বছর ধরে জমিটি তাদের দখলে রয়েছে। প্যানেল চেয়ারম্যানের ওপর হামলা করা হয়নি, বরং তার পক্ষের লোকজন হামলার চেষ্টা করেছে বলেও দাবি করেন শাহাবুদ্দিন।
জমি বিক্রির বিষয়টি নিশ্চিত করে হালিম মীর বলেন, জমিটি তার পৈত্রিক সম্পত্তি। মেয়ের বিয়ের সময় তিনি তিন শতাংশ জমি বিক্রি করেছিলেন। তার বোনের ওয়ারিশদের জন্য অন্য দাগে জমি পাওয়ার সুযোগ রয়েছে। তবে তারা বিক্রি করা জমির পুরো অংশ দাবি করছেন বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে অন্য দাগ থেকে জমি নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তারা তা মানছেন না বলে জানান হালিম মীর।
অভিযোগের বিষয়ে জানতে নাজিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোসাম্মৎ রুমা আক্তারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, তিনি ছুটিতে রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জমির কাগজপত্র যাচাই করা হলে প্রকৃত মালিকানা সম্পর্কে পরিষ্কার হওয়া যাবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









