যেখানে জন্ম ও বেড়ে ওঠা, সেই কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকার বাড়ির পাশেই চিরনিদ্রায় শায়িত হয়েছে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম।
রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি উপশহরের গন্ধমতি কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় তার বাসা সংলগ্ন গন্ধমতি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা দুটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্বজন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের বয়স হয়েছিল ১৩ বছর। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
গত শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি। পরে তার বাবা কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন।
শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহের সঙ্গে তার মায়ের আইফোনটি পাওয়া যায়নি।
শনিবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে অপ্রতিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
অপ্রতিমের মায়ের আইফোনটি পরে আটক এক কিশোরের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের পুরো ঘটনা ও এর উদ্দেশ্য নিয়ে পুলিশের তদন্ত এখনো চলছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, অপ্রতিমের দাদার বাড়ি কুষ্টিয়ায় এবং নানার বাড়ি চাঁদপুরে। কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকায় তাদের নিজেদের বাড়ি। অপ্রতিমের জন্ম হয়েছিল সেখানেই এবং সে বড়ও হয়েছে ওই এলাকায়। তাই পরিবারের ইচ্ছায় বাড়ির পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









