গোপালগঞ্জের কাশিয়ানীতে মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি পৃথক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক বীর মুক্তিযোদ্ধাসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চবট্টি এলাকায় এবং ভোররাতে ফুকরা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় পঞ্চবট্টি এলাকার মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) ও একই গ্রামের জাহিদ মোল্লা (৫০)। এ সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী বাস তাদের সজোরে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই জাহিদ মোল্লা মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা ওমর মীরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
এদিকে, এর মাত্র ৮ ঘণ্টা পর ভোররাত ৪টার দিকে একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে অজ্ঞাত বাসের ধাক্কায় একটি নসিমন দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে ভোররাতে দুর্ঘটনাটি সংঘটিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ঘাতক বাসটি বা নিহত নসিমন চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ চালকের পরিচয় ও ঘাতক বাসটি শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









