গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ির ৪৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ শ্রমিক পরিবারগুলোর প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি শ্রমিক পরিবার সর্বস্বান্ত হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বানিয়ারচালা এলাকায় দলিল লেখক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের আধাপাকা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাড়িতে আগুন লাগার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজেন্দ্রপুর ও মাওনা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই বাড়ির ৪৫টি বসতঘর এবং ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত রাহেলা বেগম বলেন, ‘শোকেসের ভেতর অনেক কষ্ট করে একটু একটু করে দেড় লাখ টাকা জমিয়েছিলাম। গ্রামের বাড়ির ভাঙা ঘর মেরামতের জন্য ওই টাকা জমিয়েছিলাম। কিন্তু আগুনে টাকা, টিভি, ফ্রিজ, আসবাবপত্র, জামাকাপড় এবং ছেলে-মেয়েদের বই-খাতাসহ সবকিছু পুড়ে গেছে।’
স্থানীয়রা জানান, পুড়ে যাওয়া ঘরগুলোতে বিভিন্ন কারখানায় কর্মরত প্রায় ৪০টি শ্রমিক পরিবার বসবাস করত। আগুনে তাদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় সবকিছু পুড়ে যাওয়ায় পরিবারগুলো চরম বিপাকে পড়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এলাকার রাস্তাটি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়। এ কারণে আগুন নেভাতে তাদের বেশ বেগ পেতে হয়েছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









