বগুড়ার গোদারপাড়া এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পাশে অজ্ঞাতনামা এক বস্তা জাল টাকা পাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আসল ভেবে স্থানীয় লোকজন ওই বস্তা থেকে টাকা কুড়িয়ে নেওয়ায় তা বাজারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে গোদারপাড়া এলাকার ঢাকা–রংপুর মহাসড়কের পাশে গরু জবাইয়ের স্থানের কাছাকাছি একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। কে বা কারা এই বস্তাটি সেখানে ফেলে রেখে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পরে স্থানীয়রা বস্তাটির ভেতর টাকা দেখতে পেয়ে তা আসল মনে করে যে যার মতো কুড়িয়ে নিয়ে যান। এ সময় ঘটনাস্থলে এক হাজার ও ৫০০ টাকার কিছু ছেঁড়া ও অবশিষ্ট নোটও পড়ে থাকতে দেখা যায়।
এদিকে স্থানীয়দের আশঙ্কা, বস্তায় থাকা জাল টাকার একটি বড় অংশ ইতিমধ্যে গোদারপাড়া বাস টার্মিনাল, চারমাথা ও আশপাশের বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়তে পারে। এর ফলে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির শিকার হতে পারেন এবং জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে।
স্থানীয়রা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জাল টাকার মূল উৎস এবং কারা বা কী উদ্দেশ্যে এগুলো সেখানে ফেলে গেছে, তা শনাক্ত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বাজারে ছড়িয়ে পড়া জাল টাকা উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও কঠোর পদক্ষেপ কামনা করেছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









