দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের ত্রিপুরাপাড়ায় টিউবওয়েলের পাশে রাখা প্লাস্টিকের বালতির পানিতে পড়ে মো. সুফিয়ান (১৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়ান ওই এলাকার বাসিন্দা মো. বুলু মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে টিউবওয়েলের পাশে রাখা পানিভর্তি একটি প্লাস্টিকের বালতির কাছে খেলছিল শিশু সুফিয়ান। পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত থাকাকালে একপর্যায়ে অসাবধানতাবশত সে বালতির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নেন। তবে এর আগেই তার মৃত্যু হয়।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, ছোট্ট শিশুটির এমন মর্মান্তিক মৃত্যু পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে।
নিহত শিশুর স্বজন রফিকুল ইসলাম বলেন, সুফিয়ান সবার আদরের ছিল। চোখের পলকে এমন দুর্ঘটনা ঘটবে কেউ কল্পনাও করতে পারেনি। আমরা তাকে দ্রুত উদ্ধার করলেও বাঁচাতে পারিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে। সামান্য অসাবধানতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









