টাঙ্গাইলের মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলবুথে হামলা ও কর্মচারীদের মারধরের অভিযোগে হৃদয় খান ওরফে সেকেন্দার (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাশেদ ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ট্রাক চালক সেকেন্দার উপজেলার সৈয়দপুর গ্রামের কাবেল মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানাযায়, শনিবার দুপুরে উপজেলার হাটুভাঙ্গা সেতু সেতু পার হওয়ার সময় টোলে ট্রাক চালক সেকেন্দার টোল পরিশোধের জন্য এক হাজার টাকার নোট দেন। ওই নোটের ভাঙতি দিতে কিছুটা দেরি হওয়ায় চালক ক্ষিপ্ত হয়ে ট্রাকটি রাস্তার ওপর দাঁড় করিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
এ সময় টোল আদায়ের কর্মচারীরা ট্রাকটি সরিয়ে নিতে বললে চালক ও হেলপার তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা টোলকর্মীদের মারধর করেন। পরে ওই চালক আরও কয়েকজনকে খবর দিয়ে ঘটনাস্থলে নিয়ে এসে টোল আদায়ের কর্মচারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় টোলের ইজারাদার মাসুদুর রহমানের স্ত্রীর বোন হামলা থামাতে এগিয়ে গেলে তাকেও মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান।
এ ঘটনায় টোলের ইজারাদার মাসুদুর রহমানের স্ত্রী ফারহানা বেগম বাদী হয়ে শনিবার রাতে মির্জাপুর থানায় ২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ আসামি করে মামলা করেন।
মামলার আসামি ও ট্রাক মালিক লাভলু ওরফে লখাইয়ের মুঠোফোনে বলেন, তার ট্রাকের চালক টোল দিতে এক হাজার টাকার নোট দিলে টোলপ্লাজার কর্মীরা ৯০০ টাকা ফেরত না দিয়ে উল্টো তার চালক ও হেলপারকে মারধর করেন। এ সময় তার গাড়ির গ্লাসও ভাঙচুর করা হয়। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন।
হাটুভাঙ্গা টোলের ইজারাদার মাসুদুর রহমান বলেন, একটি কুচক্রী মহল হাটুভাঙা সেতুর টোল আদায় বন্ধ করতে নানা ধরণের পাঁয়তারা করছে। হামলার ঘটনাটি পরিকল্পিত বলেও দাবি করছেন তিনি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাশেদ ফজল বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে মামলার এক আসামি হৃদয় খান ওরফে সেকেন্দারকে গ্রেফতার করা হয়। পরে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলা অভিযুক্ত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









