ভোলার দৌলতখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ‘পিচ্চি সজিব’ ওরফে সজিব সর্দার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি দৌলতখানের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে দৌলতখান দক্ষিণ মাতা মাছবাজারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সজিব দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলাম সর্দারের ছেলে।
দৌলতখান থানার (এসএসআই) রাজিব জানান, আটকের পর সজিবের ডোপ টেস্ট করা হলে তিনি মাদকসেবী হিসেবে শনাক্ত হন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তিনি আরও জানান, ‘পিচ্চি সজিব’ দীর্ঘদিন ধরে দৌলতখানের বিভিন্ন পয়েন্টে মাদক সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিষয়ে পুলিশের কাছে তথ্য ছিল বলেও জানানো হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, আটক সজিব দৌলতখানের পরিচিত মাদক কারবারি। তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









