কুড়িগ্রামের রাজারহাটে বাড়ি ফাঁকা থাকার সুযোগে রান্নাঘরে ঢুকে ভাতিজিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুরজামাল (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ জমিদারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের আবুল হোসেনের মেয়ে আর্জিনা খাতুন (২০) সোমবার দুপুরে নিজ বাড়ির রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তার আপন চাচা মৃত আব্দুল হালিম মুন্সির ছেলে নুরজামাল রান্নাঘরে প্রবেশ করে জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করেন।
এ সময় আত্মরক্ষার্থে তরুণী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে রাজারহাট থানা-পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নুরজামালকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার পর ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অপরাধের কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে রাজারহাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, "আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









