পটুয়াখালীর দুমকিতে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দেলোয়ার হোসেন খান (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার লেবুখালী ইউনিয়নের পাগলা বিশ্ববিদ্যালয় স্কয়ার সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শিশুর বাবা আ. সালাম হাওলাদারের লিখিত অভিযোগ থেকে জানা যায়, অভিযুক্ত দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে তার নাবালিকা মেয়েকে কুপ্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে শিশুটিকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান তিনি। এ সময় শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত দেলোয়ার পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক দেখানো হয়েছে।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন খানের দাবি, তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে। তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য ও সার্বিক বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









