গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। স্থানীয়দের দাবি, তিনি উপজেলার বাগানবাড়ী এলাকায় আলমগীর হোসেনের ভাড়া বাসায় স্বজনদের সঙ্গে থাকতেন। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ওই নারী রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছান। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই তারা মরদেহটি উদ্ধার করে নিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশনের কর্মকর্তা এইচ এম খায়রুল ইসলাম বলেন, ট্রেন দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার খবর পেয়েছি। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা তার মরদেহ উদ্ধার করে নিয়ে যান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









