চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পর এবার শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেলসহ ইদুল আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও ৪ থেকে ৫ জন জড়িত থাকার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
আটক ইদুল আলী শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকার মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল কালিগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় ইদুল আলীকে আটক করার পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আটক ইদুল আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাই মোটরসাইকেল কেনাবেচা ও চুরির সঙ্গে আরও ৪ থেকে ৫ জন সহযোগীর সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, গত সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ তিনটি মোটরসাইকেলসহ ৬ জনকে আটকের পর এটি জেলায় চোরাই মোটরসাইকেল উদ্ধারে দ্বিতীয় বড় অভিযান। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









