বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফরহাদ হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি) এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানি (সিপিএসসি), বগুড়া।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে বগুড়া সদর থানার মাটিডালী বিমান মোড় এলাকায় করতোয়া পাম্পের কাছে মহাসড়কে মাদকবিরোধী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
আটক ফরহাদ হোসেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের মো. হারেজ আলীর ছেলে।
সিপিএসসি বগুড়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ঢাকা থেকে জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাসে এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে ইয়াবা বহন করছেন। এর ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ফরহাদ হোসেনের কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিপিএসসি বগুড়া, এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









