গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় ড্রাম ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মহানগরী ধীরাশ্রম রেলস্টেশন এলাকার জিকে উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকার আব্দুল মালেকের ছেলে জামাল হোসেন (৪৮), একই এলাকার মৃত কাশেমের ছেলে মহর আলী (৫৫) অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে দুপুরের দিকে ঢাকা বাইপাসে সিগনাল অমান্য করে একটি ড্রাম ট্রাক দ্রুত গতিতে এসে গাজীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও ৩ যাত্রী গুরুত্বর আহত অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়রা ঘাতক ড্রাম ট্রাকটি ও তার চালককে আটক করে পুলিশে দিয়েছে। পরে গাজীপুর সদর থানা পুলিশ নিহতদের মরদেহ তাদের হেফাজতে নেয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘‘নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









