মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বিভিন্ন দেশে সমস্যায় পড়া প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওমানে বাংলাদেশি কর্মীদের ভিসা বাতিলসহ বিভিন্ন দেশে প্রবাসীদের সমস্যার বিষয়ে মন্ত্রী বলেন, ‘‘মধ্যপ্রাচ্যের সামগ্রিক সংঘাতের প্রভাব এসব পরিস্থিতির ওপর পড়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে।’’
তিনি বলেন, ‘‘বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনগুলো সার্বক্ষণিকভাবে প্রবাসীদের খোঁজখবর নিচ্ছে। ক্ষতিগ্রস্তদের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ, নিহতদের মরদেহ দেশে আনা এবং তাদের পরিবারের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার কাজও চলছে।’’
মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, ‘‘এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা তথ্য ও আলোচনা হচ্ছে। প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা ও আলোচনা করেন এমন ব্যক্তিদের নিয়ে গোলটেবিল বৈঠক করা হবে।’’ সেখানে সরকারের নেওয়া পদক্ষেপ, শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে জানান মন্ত্রী।
সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ‘‘মাদক ও চোরাচালানসহ দীর্ঘদিনের অনিয়ম বন্ধে সরকার কাজ করছে। এ কাজে জনগণকে সম্পৃক্ত ও সচেতন করা হবে।’’
পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন কাজ শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘‘বড় প্রকল্প বাস্তবায়নের আগে সম্ভাব্যতা যাচাই ও অর্থ বরাদ্দসহ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। পর্যায়ক্রমে এসব উন্নয়নকাজ দৃশ্যমান হবে। ডিসেম্বরের পর এ বিষয়ে অগ্রগতি সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে।’’
আসন্ন দুর্গাপূজা অতীতের মতো শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সরকার তরফ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









