গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া এবং বহুগ্রাম ইউনিয়নের ছোট তারাইল এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-বহুগ্রাম ইউনিয়নের ছোট তারাইল গ্রামের রাধা বরের স্ত্রী নমিতা বর (৬০) এবং রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া গ্রামের জহির মোল্লার ছেলে শীতল মোল্লা (৩৫)।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার দিকে শীতল মোল্লা নিজ ঘরের দরজা-জানালা বন্ধ করে গামছা দিয়ে জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দেন। পরে স্বজনরা সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে, ছোট তারাইল গ্রামের নিজ বসতঘরে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন নমিতা বর। পরে তার মৃত্যু হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, নমিতা বর দীর্ঘদিন ধরে পেটের পীড়াসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পৃথক দুই ঘটনায় মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









