গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তার চেক তুলে দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ২০২৫-২৬ অর্থবছরের এ সহায়তা দেওয়া হয়। এসময় প্রত্যেক উপকারভোগীকে দুই হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে সাময়িকভাবে আর্থিক সংকট মোকাবিলা করতে পারে, সে লক্ষ্যেই এ সহায়তা দেওয়া হচ্ছে।
উপকারভোগীরা সরকারি এ আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতির পর এ অর্থ তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে কিছুটা হলেও সহায়তা করবে।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইসহাক আলী।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









