গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রান্তিক পর্যায়ের কৃষিপণ্য উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের মধ্যে ৭ হাজার ৮০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের শান্তির মোড়ে গণ উন্নয়ন কেন্দ্র ও সুন্দরগঞ্জ উপজেলা যুব কৃষিপণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের ট্রেডক্র্যাফট এক্সচেঞ্জের কারিগরি সহযোগিতায় স্ববল প্রকল্পের আওতায় সমিতির সদস্যদের বসতবাড়ি ও আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এসব চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, চলতি বছর স্ববল প্রকল্পের আওতায় সারাদেশে ৩ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সুন্দরগঞ্জ উপজেলার সমিতির সদস্যদের মধ্যে আম, জাম, মেহগনি, পেয়ারা ও নিম—এই পাঁচ ধরনের গাছের চারা বিতরণ করা হয়। মোট ৭ হাজার ৮০০টি চারা সদস্যদের মধ্যে দেওয়া হয়েছে।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হিমাংশু কুমার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আহসান হাবিব, সাংবাদিক আব্দুল মতিন সরকার, উপজেলা যুব কৃষিপণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আঙ্গুর মিয়া, সাধারণ সম্পাদক মো. এনামুল হক, কোষাধ্যক্ষ জেসমিন আক্তারসহ সমিতির বিভিন্ন সদস্য।
আয়োজকরা বলেন, বসতবাড়ি ও আঙ্গিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি ও পারিবারিক পুষ্টি নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









