নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারি ভেঙে নগদ আড়াই লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া কাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী আবুল হোসেন ও তার পরিবারের সদস্যরা জানান, রাত ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল নগরপাড়া কাজীবাড়ীতে তাদের দোতলা বাড়ির ওপরতলার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ী ও পরিবারের সদস্যদের জিম্মি করে তারা।
পরে ডাকাতরা ঘরের আলমারি ভেঙে নগদ আড়াই লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









