চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ এখনো রয়েছে বাংলাদেশের। এজন্য বাকি ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্সের পাশাপাশি নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখার তাগিদ দিয়েছেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এ কোচ। তিনি বলেন, ‘‘ইনশাআল্লাহ সম্ভব (ফাইনাল খেলা)। কেন নয়? ভালো খেলতে হবে। ভালো অবস্থানে আছি আমরা। বিশ্বাস রেখে খেলতে হবে।’’

বাংলাদেশ এখন যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে বলেও মনে করেন মুশতাক। তার মতে, খেলোয়াড়দের দক্ষতা ও সামর্থ্যের পাশাপাশি জয়ের বিশ্বাসও গুরুত্বপূর্ণ। সেই বিশ্বাস থাকলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মাটিতেও জয় পাওয়া সম্ভব।
এ প্রসঙ্গে মুশতাক বলেন, ‘‘আল্লাহর রহমতে আমরা এখন যেকোনো দলকে হারাতে পারি। এই বিশ্বাস সবারই প্রয়োজন। স্কিল আছে, খেলোয়াড় আছে, বিশ্বাসও আছে। এই বিশ্বাস থাকলে আপনি অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায়, ইংল্যান্ডকে ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকায় হারাবেন।’’
বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সের উদাহরণ টেনে দলের মানসিকতার পরিবর্তনের কথাও তুলে ধরেন তিনি। পাকিস্তানের মাটিতে সবুজ পিচে হারের পর বাংলাদেশে একই ধরনের উইকেটে পাকিস্তানকে হারানোর বিষয়টি উল্লেখ করেন এই কোচ।
মুশতাক বলেন, ‘‘পাকিস্তানে সবুজ পিচে আমরা টেস্ট হারিয়েছি। এরপর যখন ওরা এখানে এলো, টার্নিং পিচ নয়, গ্রিন পিচে খেলেই ওদের হারিয়েছি। স্পিনাররা গ্রিন পিচে বল স্পিন করাচ্ছে। হারার ভয় না থাকলেই আপনি জিততে পারবেন। আর কোচ হিসেবে এই মাইন্ডসেট পরিবর্তন করাই আমাদের কাজ।’’
দলের এই পরিবর্তনের পেছনে নির্বাচক, কোচ, খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবার অবদানের কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, দলের সবাই এখন একই লক্ষ্যে কাজ করছেন এবং যেকোনো পরিস্থিতি থেকে ম্যাচ জেতার চেষ্টা করার মানসিকতা তৈরি হয়েছে।
নিজের সন্তুষ্টির কথা জানিয়ে মুশতাক বলেন, ‘‘আমি খুবই খুশি। আল্লাহর কাছে কৃতজ্ঞ। এটার কৃতিত্ব সবার—খেলোয়াড়, কোচ সবার। আমার একার নয়। সবাই একই পৃষ্ঠায় আছি। আমি যাদের নিয়ে কাজ করি তারা ম্যাচ জয়ের চেষ্টা করতে পারে যেকোনো মুহূর্ত থেকে। তাই যে কাউকেই আমরা চ্যালেঞ্জ করতে পারি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









