বাংলাদেশে গণমাধ্যম ও বিচারব্যবস্থা কখনোই পুরোপুরি স্বাধীন ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে। চাঁদাবাজি, ছিনতাই ও হত্যাকাণ্ড নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। গত সাত মাসে সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীন, ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, রোহিঙ্গাদের সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দেওয়াই এ সংকটের চূড়ান্ত সমাধান। একা বাংলাদেশের পক্ষে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়।
জামায়াত আমির বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে। তিনি নিজেও একাধিকবার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন এবং সেখানে তাঁদের দুর্ভোগ কাছ থেকে দেখেছেন।
বিরোধীদলীয় নেতার মতে, রোহিঙ্গাদের জন্য সাময়িক অর্থসহায়তা দিয়ে সংকটের সমাধান হবে না। তাদের নিজ দেশে ফেরার মতো নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।
মিয়ানমারের বর্তমান পরিস্থিতিকে প্রত্যাবাসনের ক্ষেত্রে বড় বাধা হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, দেশটিতে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে। ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে কার সঙ্গে আলোচনা ও সমঝোতা হবে, সেটিও জটিল বিষয়।
এমন পরিস্থিতিতে চীন ও ভারতের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের পাশাপাশি এ দুই দেশেরও গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় সমন্বিত উদ্যোগ নিলে রোহিঙ্গা সংকট সমাধানের পথ তৈরি হতে পারে।
দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের শিবিরে অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির বলেন, বিপুলসংখ্যক মানুষ বছরের পর বছর অনিশ্চয়তার মধ্যে বসবাস করছেন। সেখানে নতুন প্রজন্ম জন্ম নিচ্ছে, কিন্তু তাদের শিক্ষার সুযোগ সীমিত।
জ্বালানি তেলের দাম বৃদ্ধিরও সমালোচনা করেন শফিকুর রহমান বলেন, এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এবং মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।
জামায়াত আমির বলেন, জ্বালানি নিয়ে জামায়াতের বিশেষজ্ঞ দলের পরামর্শ নিতে রাজি হয়নি সরকার। বিদ্যুৎ নিয়ে তাদের দেওয়া পরিকল্পনাও সরকার গ্রহণ করেনি।
এ ছাড়া গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আবারও দাবি জানান জামায়াতের আমির।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









