বরগুনায় নারী-পুরুষের প্রচলিত জেন্ডার ভূমিকা পরিবর্তন এবং পারিবারিক ও সামাজিক কর্মকাণ্ডে সমঅংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনাতলা গ্রামে জাগোনারী বাস্তবায়িত ‘আলোকিত’ প্রকল্পের উদ্যোগে এ কার্যক্রম হয়।
কার্যক্রমের অংশ হিসেবে পুরুষদের জন্য আয়োজন করা হয় ব্যতিক্রমী রান্না প্রতিযোগিতা। এতে একাধিক পরিবারের পুরুষ সদস্যরা স্ত্রীদের চেয়ারে বসিয়ে অস্থায়ী চুলায় খাবার রান্না করেন। নারীর গৃহস্থালি কাজের মূল্যায়ন ও সমঅধিকার সম্পর্কে সচেতনতা তৈরিই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।
এ সময় স্থানীয় নারী-পুরুষের অংশগ্রহণে পরিবার ও সমাজে নারী-পুরুষের ভূমিকা, গৃহস্থালি কাজের মূল্যায়ন, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
আয়োজকরা বলেন, গৃহস্থালি কাজ, সন্তান লালন-পালন ও পরিবারের পরিচর্যাকে শুধু নারীর দায়িত্ব এবং আয়-রোজগার ও সিদ্ধান্ত গ্রহণকে পুরুষের দায়িত্ব হিসেবে দেখার প্রচলিত ধারণা পরিবর্তন প্রয়োজন। নারী-পুরুষের সমান মর্যাদা, দায়িত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করাই এ কার্যক্রমের লক্ষ্য।
আলোচনায় অংশ নেওয়া স্থানীয়রা বলেন, পরিবারের উন্নয়নে নারী-পুরুষ উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঘরের কাজ, সন্তানদের দেখাশোনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে পারস্পরিক সহযোগিতা থাকলে দায়িত্বের ভারসাম্য তৈরি হয়। একই সঙ্গে নারীর কাজ ও মতামতের যথাযথ মূল্যায়ন জরুরি।
আলোকিত প্রকল্পের সংশ্লিষ্টরা বলেন, জেন্ডার ভূমিকা পরিবর্তনে পুরুষদেরও সম্পৃক্ত করা প্রয়োজন। প্রচলিত ধারণার পরিবর্তন এবং পরিবারে সহযোগিতার পরিবেশ তৈরির মাধ্যমে নারীর ক্ষমতায়ন আরও কার্যকর করা সম্ভব।
সোনাতলা গ্রামের এ কার্যক্রমে স্থানীয় নারী-পুরুষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ পরিবার ও কমিউনিটি পর্যায়ে নারী-পুরুষের সমতা, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









