আন্তর্জাতিক যাত্রীদের ভোটে নির্ধারিত স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স অ্যাওয়ার্ডসে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এয়ারলাইন্সগুলোর তালিকায় এক ধাপ এগিয়েছে দেশের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। ২০২৬ সালের তালিকায় ‘বেস্ট রিজিওনাল এয়ারলাইন্স (ইন্ডিয়া/সাউথ এশিয়া)’ ক্যাটাগরিতে চতুর্থ অবস্থানে রয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে ২০২৪ ও ২০২৫ সালে একই ক্যাটাগরিতে ইউএস-বাংলা পঞ্চম অবস্থানে ছিল। ফলে টানা তিন বছর দক্ষিণ এশিয়ায় সেরার তালিকায় রয়েছে প্রতিষ্ঠানটি।
স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস যাত্রীদের ভোটের ভিত্তিতে পরিচালিত আন্তর্জাতিক এয়ারলাইন রেটিং ও যাত্রীসন্তুষ্টি জরিপ। ১৯৯৯ সাল থেকে এই পুরস্কার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীরা এয়ারলাইন্সগুলোর বিভিন্ন শ্রেণিতে ভোট দিয়ে থাকেন।
স্কাইট্র্যাক্সের সংজ্ঞা অনুযায়ী, আঞ্চলিক এয়ারলাইন্স বলতে মূলত তাদের এমন ফুল সার্ভিস ক্যারিয়ারকে বোঝায়, যারা সাধারণত প্রায় ছয় ঘণ্টা পর্যন্ত স্বল্প ও মাঝারি দূরত্বের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে।
ইউএস-বাংলা জানিয়েছে, স্কাইট্র্যাক্সের টানা তিন বছরের স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠানটির অবস্থান ও যাত্রীসেবার ধারাবাহিকতার প্রতিফলন। ২০২৪ সালের পঞ্চম অবস্থান থেকে ২০২৬ সালে চতুর্থ অবস্থানে উন্নীত হওয়াকে আন্তর্জাতিক বাজারে তাদের দৃশ্যমানতা বৃদ্ধির একটি সূচক হিসেবে দেখছে এয়ারলাইন্সটি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ, উড়োজাহাজের বহর বাড়ানো, যাত্রীসেবার মানোন্নয়ন ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অ্যাভিয়েশন খাতে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে নতুন প্রজন্মের উড়োজাহাজ সংযোজন, নতুন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালু, ফ্রিকোয়েন্সি বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর যাত্রীসেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









