টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশি এলাকায় মাদক কারবারের অভিযোগে সুরমান নামে এক ব্যক্তির বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্থানীয় লোকজন সুরমানের বাড়িতে গিয়ে ভাঙচুর চালান বলে জানা গেছে। এ সময় বাড়ির বিভিন্ন স্থাপনা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়দের অভিযোগ, সুরমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্যের কারবারের সঙ্গে জড়িত। তার কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেন তারা। মাদক কারবার বন্ধে স্থানীয়ভাবে একাধিকবার সতর্ক করা হলেও তাতে কোনো পরিবর্তন হয়নি বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় মাদকবিরোধী পরিবেশ নিশ্চিত করতে তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি, মাদক কারবারের অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
এলাকাবাসী আরও বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিয়ে অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান , মাদকদ্রব্য বিক্রির বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে পুলিশ সবসময় সোচ্চার রয়েছে।
এ বিষয়ে তিনি সবাইকে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









