পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, আস্থা ও সম্প্রীতি জোরদার এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কুষ্টিয়ায় সফলভাবে সম্পন্ন হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জমকালো ফাইনাল খেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ও দায়রা জর্জ আদালতের জর্জ এনায়েত কবির সরকার ও কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। পরে জয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রতিযোগিতার তৃতীয় দিনে ৮টি দলের অংশগ্রহণে সেমিফাইনাল ও বাছাই পর্বের ৪টি রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়। নারী বিভাগের প্রথম ম্যাচে কুষ্টিয়া সদর থানা নারী টিম ৪৯–২৮ পয়েন্টে মিরপুর থানা নারী টিমকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে কুমারখালী থানা নারী টিম ৪৬–১৩ পয়েন্টে ভেড়ামারা থানা নারী টিমকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়।
পুরুষ বিভাগের প্রথম খেলায় ভেড়ামারা থানা পুরুষ টিম ৬৮–২৬ পয়েন্টে কুষ্টিয়া সদর থানা পুরুষ টিমকে হারিয়ে বড় জয় পায়। অপর ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কুমারখালী থানা পুরুষ টিম ৩৫–৩৩ পয়েন্টে মিরপুর থানা পুরুষ টিমকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
শুক্রবার বিকেলে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে পুরুষ বিভাগে ভেড়ামারা থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুমারখালী থানা পুরুষ দল। একই দিনে নারী বিভাগের ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়া সদর থানা নারী টিম ও কুমারখালী থানা নারী টিম।
খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের যৌথ অংশগ্রহণের বিকল্প নেই। এ ধরণের ক্রীড়া প্রতিযোগিতা পুলিশ ও সাধারণ মানুষের মেলবন্ধন আরও সুদৃঢ় করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









