ঢাকার আশুলিয়ায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের এক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিতু আক্তার (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে তাঁর এক সহযোগী কৌশল পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মিতু আক্তার বগুড়া জেলার শেরপুর থানার সোনাকানিয়া জামুন্না এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। পলাতক সহযোগীর নাম মো. বেলাল হোসেন (২৮)।
ডিবি পুলিশ সূত্রের বরাতে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মফিজুর রহমান ও তাঁদের সঙ্গীয় টিম শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়া থানার টেংগুরি এলাকায় অভিযান চালান।
অভিযানকালে মিতু আক্তারের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাঁর সহযোগী বেলাল হোসেন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পালানোর মুহূর্তে তাঁর ফেলে যাওয়া ব্যাগ থেকে আরও ৭০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত মোট ১০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত নারী ও তাঁর পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার মিতু আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক বেলাল হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









