পটুয়াখালীর বাউফলে মাদক নিয়ে বিরোধের জেরে ছিনতাইয়ের ঘটনা সাজানোর অভিযোগে অভিযোগকারী মিজান (৩৫) ও অভিযুক্ত সাইমুনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তদন্তে ছিনতাইয়ের অভিযোগের আড়ালে ইয়াবা নিয়ে বিরোধের তথ্য পাওয়া গেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, সাইমুনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করেন মিজান। পরে সাইমুনকে জিজ্ঞাসাবাদে ঘটনার ভিন্ন তথ্য বেরিয়ে আসে। পুলিশের ভাষ্য, মিজান ১০০ পিস ইয়াবা কিনে আনেন। এর মধ্যে ৫০ পিস একজনকে দেওয়ার পর বাকি ৫০ পিস নিয়ে যাওয়ার সময় কয়েকজন তাকে আটক করে ইয়াবা নিয়ে যায় এবং নিজেদের মধ্যে ভাগ করে নেয়। ওই ভাগ থেকে সাইমুন ছয় পিস ইয়াবা পান বলে পুলিশকে জানান। পরে তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, স্বর্ণ বন্ধক রেখে টাকা সংগ্রহ করে মিজান ইয়াবা কেনার সঙ্গে জড়িত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। ইয়াবা নিয়ে বিরোধের ঘটনাকে ছিনতাই হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলেও পুলিশের দাবি।
এ ঘটনায় মিজান, সাইমুনসহ জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ছিনতাইয়ের অভিযোগের তদন্তে ইয়াবা নিয়ে বিরোধের তথ্য পাওয়া যায়। ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার তথ্য রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









