পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা মহিলা দল।
শবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ধামরাইয়ের টুলিভিটা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানারোডে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার আহমেদ, সাভার উপজেলা মহিলা দলের সভাপতি আইশা আক্তার নুপুর, আশুলিয়া থানা মহিলা দলের সভাপতি জোসনা, ঢাকা জেলা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, ধামরাই উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপা চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আমিনুর ইসলাম রনি, সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুলতানা আহমেদ বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাস হয়েছে। এর আগে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, দেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সময় প্রয়োজন।
তিনি বলেন, বিএনপি সরকার সবসময় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে। সরকারের কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে পরিচালিত হবে।
সুলতানা আহমেদ আরও বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সংগঠন অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহিলা দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









