কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনা ও প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কুতুপালংয়ের ৪ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পে প্রকল্পটি পরিদর্শন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বর্জ্য সংগ্রহ, বাছাই, পরিবহন ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তথ্য নেন।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, ক্যাম্পে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়, যার বড় একটি অংশ প্লাস্টিক। এসব বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও প্রক্রিয়াজাতের পাশাপাশি প্লাস্টিক থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী নিয়মিত বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও পুনর্ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন। তিনি বলেন, প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণও কমবে।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জসিম উদ্দিন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মনিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ, প্রকল্প পরিচালক আবদুল কাইয়ূম ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









