বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে ঢাকা-৬ আসনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশটির আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিবাদের দোসররা প্রতিনিয়ত ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা বলছে। শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে। তার সহযোগীরাও সাজা ভোগ করবেন বলে মন্তব্য করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে সাংবিধানিক পরিবর্তন আনা হবে। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









