শরীয়তপুরের জাজিরায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন বলেও স্থানীয়ভাবে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিত ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার গরম বাজার এলাকার জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সন্ধ্যার দিকে জোড়াব্রিজ এলাকায় কয়েকজন যুবক জড়ো হন। একপর্যায়ে সেখানে কেক কাটার আয়োজন করা হয়। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা দ্রুত সরে যান।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করে। তবে তাৎক্ষণিকভাবে এসব মোটরসাইকেলের মালিক বা ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সন্ধ্যার দিকে জোড়াব্রিজ এলাকায় হঠাৎ কয়েকজন যুবককে জড়ো হতে দেখা যায়। পরে সেখানে কেক কাটার আয়োজন করা হয়। পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে উপস্থিত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর জাজিরার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই মিছিলে বেশ কিছু ব্যক্তিকে অংশ নিতে দেখা যায়। পরে জেলা পুলিশের পক্ষ থেকে ভিডিও যাচাই করে জড়িতদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
প্রসঙ্গত, শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, “কেক কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









