লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ঘন্টিবাজার এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি ইজিবাইককে চাপা দিয়ে রাস্তার পাশের একটি মুদি দোকানে উল্টে পড়ে। এ ঘটনায় তিনজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে যাত্রীবাহী একটি ইজিবাইক বুড়িমারী থেকে পাটগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। একই সময়ে লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক রেজিস্ট্রেশন নাম্বার হল কুষ্টিয়া ট -১১-২১২১ বুড়িমারী স্থলবন্দরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘন্টিবাজার এলাকায় পৌঁছালে যান দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি ইজিবাইককে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মুদি দোকানে ঢুকে উল্টে পড়ে। এ সময় ইজিবাইকের যাত্রী ও দোকানে থাকা ব্যক্তিদের মধ্যে তিনজন নিহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহত চারজনকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী রাজু আহমেদ বলেন, সকালবেলা হঠাৎ একটি ট্রাক এসে অটোটিকে (ইজিবাইক) ধাক্কা মারে এবং অটোসহ দোকানের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যুর খবর পাই। সঠিক হিসাব এখনও বলা মুশকিল, তবে পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বুড়িমারীর ঘন্টিবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। আমরা বর্তমানে উদ্ধারকাজে ব্যস্ত রয়েছি। দুর্ঘটনায় তিনজন পুরুষ মারা গেছেন এবং আহত বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









