দীর্ঘ ভ্রমণে বাসের আসন বাছাইয়ের ক্ষেত্রে অনেকেই মাঝের সারিকে বেশি নিরাপদ ও আরামদায়ক মনে করেন। বিশেষ করে নিরাপত্তার দিক বিবেচনায় মাঝের সারির আইল সিটকে তুলনামূলক নিরাপদ বলে মনে করা হয়।
আন্তর্জাতিক গবেষণা ও সেফটি রিপোর্ট অনুযায়ী, বাস দুর্ঘটনায় সামনের ও পেছনের অংশে ধাক্কার প্রভাব বেশি পড়তে পারে। সামনের অংশ মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে। অন্যদিকে পেছনের অংশ অন্য গাড়ির ধাক্কায় বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। নিয়ন্ত্রণ হারিয়ে বাস সামনের গাছ, পিলার, খুঁটি বা দেয়ালের সঙ্গে ধাক্কা খেলেও সামনের অংশে বেশি প্রভাব পড়তে পারে।এ কারণে মাঝের সারির আসন সামনের ও পেছনের দিক থেকে আসা ধাক্কার প্রভাব থেকে কিছুটা মুক্ত থাকে বলে মনে করা হয়।
জানালার পাশের আসনের তুলনায় আইল সিটকেও অনেকে বেশি নিরাপদ মনে করেন। কারণ, বাইরে থেকে কোনো বস্তু এসে সরাসরি আঘাত করার সম্ভাবনা তুলনামূলক কম থাকে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে বাস থেকে দ্রুত বের হওয়ার সুযোগও আইল সিটে বেশি পাওয়া যেতে পারে।
তবে দুর্ঘটনা কখনো আগে থেকে বলে আসে না। বাস রাস্তার পাশে উল্টে যাওয়া কিংবা অন্য ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। ফলে সব পরিস্থিতিতে কোনো নির্দিষ্ট আসনকে পুরোপুরি নিরাপদ বলা যায় না।
তবে যাদের আসন বেছে নেওয়ার সুযোগ থাকে, তারা দীর্ঘ ভ্রমণে মাঝের সারির আইল সিটকে নিরাপত্তার দিক থেকে বিবেচনা করতে পারেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









