গাজীপুরের পূবাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক গাড়ির চাপায় রুজুকা বেগম (৩০) ও তার সাড়ে তিন বছরের শিশুসন্তান ইয়ামনির করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতের দিকে গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকার কালি ফ্যাক্টরির সামনে ঢাকা সিটি বাইপাস সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত রুজুকা বেগম শেরপুর জেলার শ্রীবরদী থানার বাগ হাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে এবং মনির হোসেনের স্ত্রী। শিশু ইয়ামনি তাদেরই সন্তান। তারা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরের সালনা বাজার এলাকায় মোস্তফার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতের দিকে পথ চলার সময় একটি অজ্ঞাত গাড়ি মা ও মেয়েকে বেপরোয়া গতিতে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা দুজনেই মারাত্মক আহত হয়ে রাস্তার ওপর পড়ে থাকেন। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু ইয়ামনিও।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাদের মৃত্যু ঘটে। বর্তমানে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশি চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









