দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে জনগণের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। সারাদেশের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যেখানে দখলদারিত্ব ও চাঁদাবাজি হচ্ছে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, তিনি বিভিন্ন সময়ে অসংলগ্ন কথা বলছেন এবং দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সংস্কার ইস্যুতেও তিনি জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন বলে মন্তব্য করেন নাহিদ।
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন জবাবদিহিতার আওতায় আনা বা প্রশ্ন করা হতো, তখন তিনি সেটিকে রাজপথের বক্তব্য বা পল্টনের বক্তব্য বলে এড়িয়ে যেতেন।
মিরপুরের রাড্ডা সেন্টার ভাঙচুরের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, সেখানে তিন ঘণ্টার বেশি সময় ধরে ভাঙচুর চললেও প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি। তার দাবি, স্থানীয় বিএনপি ও একজন নারী সংসদ সদস্যের নাম আসার পাশাপাশি পুলিশ প্রশাসনের নীরবতার মাধ্যমে পরোক্ষ সহযোগিতার ঘটনা ঘটেছে।
তিনি বলেন, ঢাকার মতো একটি শহরে তিন ঘণ্টা ধরে ভাঙচুর চলবে এবং প্রশাসন কিছুই করতে পারবে না—এটি হতে পারে না।
নাহিদ ইসলাম আরও বলেন, রাড্ডা সেন্টার ও কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের অফিস ভাঙচুরের ঘটনা বিএনপির বিরুদ্ধে করা তার ‘নৈরাজ্য, তাণ্ডব ও দখলবাজির’ অভিযোগের ধারাবাহিকতা।
প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে মব থেমে যাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে—সরকারের এমন বক্তব্যের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, বিএনপি সরকার গঠনের পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









