চট্টগ্রাম জেলার ১৭ থানায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে ৪৪৫ জনকে আটক করেছে পুলিশ। যাচাই-বাছাই শেষে ২৯৩ জনকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ১৫২ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য জায়গায় অভিযান চালানো হয়। এ সময় আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের আটক করে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়।
অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। আর ১৫২ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব, পড়াশোনা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নজর রাখার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে সন্তানদের দূরে রাখার আহ্বান জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









