লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। পাঁচ ঘণ্টার এ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪৪ জনকে আটক করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা এ অভিযান পরিচালনা করা হয়। কিশোর গ্যাংয়ের সদস্যদের আনাগোনা বেশি-এমন বিভিন্ন স্পট, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ৪৪ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। কারও বিরুদ্ধে অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেকের নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কিশোর গ্যাং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









