বাংলাদেশ সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ ও ৬ষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৭ ও ২৮ সেপ্টেম্বর সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে (ইএমইসিএন্ডএস) এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সম্মেলনে ইএমই কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে তিনি বক্তব্য দেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ইএমই কোরের বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান তিনি।
সেনাবাহিনী প্রধান প্রধান অতিথির বক্তব্যে ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং যুদ্ধ ও শান্তিকালে সেনাবাহিনীর অস্ত্র, যানবাহন ও বিভিন্ন সরঞ্জামের মেরামত ও রক্ষণাবেক্ষণে কোরটির গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় কোরের সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
৬ষ্ঠ কোর পুনর্মিলনী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে পুনর্মিলনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ উপভোগ করেন এবং ইএমই কোরের প্রাক্তন ও বর্তমান সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি সদস্যদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মমত্ববোধ বৃদ্ধিতে এ ধরনের পুনর্মিলনীর গুরুত্ব তুলে ধরেন এবং দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও বাংলাদেশ রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান, সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, এ্যাডজুটেন্ট জেনারেল, ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও রংপুর এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ইএমই কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা এতে অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









