গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় পূর্ব শত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে বাসায় ফিরছিলেন জয়। পথিমধ্যে টঙ্গী রেলস্টেশন এলাকায় কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তার করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নূর আলম হোসেন জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









