পিরোজপুরের নেছারাবাদে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভিন্ন দুটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার বলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম তালুকদার (৪৫) এবং সোহাগদল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিক্ত সমাদ্দার (২০)। সেলিম তালুকদার উড়িবুনিয়া গ্রামের মোহাম্মাদ আব্দুল বারেক তালুকদারের ছেলে এবং সিক্ত সমাদ্দার সোহাগদল ইউনিয়নের সমাদ্দার বাড়ির সমরেশ সমাদ্দারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সেলিম তালুকদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি রাজনৈতিক মামলা রয়েছে। ওই মামলায় ডিবির (ডিবি) একটি দল তাকে বলদিয়া এলাকা থেকে গ্রেফতার করে। অন্যদিকে, ছাত্রলীগ নেতা সিক্ত সমাদ্দার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেওয়া ও মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন—এমন অভিযোগে দৈহারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, সেলিম তালুকদারকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এবং সিক্ত সমাদ্দারকে মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









