পিরোজপুরের মঠবাড়িয়ায় গরুর ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে আওয়াল মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত আওয়াল মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পর নিহতের স্ত্রী মোর্শেদা রওশন লাভলী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন— শামীম পহলান (৩৪), শাহীন পহলান (৪৩), ইয়াকুব হাওলাদার (২৬) ও মনির পহলান (৩২)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আওয়াল মিয়া উপজেলার সাপলেজা বাজারে গরুর ব্যবসা করেন। অভিযুক্তদের কয়েকজনও একই বাজারে গরুর ব্যবসার সঙ্গে জড়িত থাকায় তাদের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সাপলেজা মাছ ও গরুর বাজারের টোলঘরের কাছে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাকে লাঠি ও হাতুড়ি দিয়ে মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় তার কাছে থাকা ১৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ ওঠে।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে শামীম পহলান বলেন, “আওয়ালের সঙ্গে পূর্ববিরোধের জেরে বাজারের টোলঘরে বাকবিতণ্ডা হয়েছিল। পরে স্থানীয়রা আমাদের শান্ত করেন। কোনো মারধর বা হামলার ঘটনা ঘটেনি।”
অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী জানান, সাপলেজা বাজারে কথা-কাটাকাটির জেরে মারামারির ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









