সুনামগঞ্জের জামালগঞ্জে নৌপথে লোড-আনলোডের নামে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে নৌযান শ্রমিক, স্টোন ক্রাশার মিল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নৌযান শ্রমিক ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিআইডব্লিউটিএর আওতাধীন ইজারাদার নির্ধারিত ৫০ পয়সার পরিবর্তে লোড-আনলোডে ২ টাকা ৮০ পয়সা করে টোল আদায় করছেন। এতে প্রতি ইউনিটে অতিরিক্ত ৫ টাকা ৬০ পয়সা দিতে হচ্ছে বলে দাবি করেন তারা।
শ্রমিক ও ব্যবসায়ীরা জানান, অতিরিক্ত টোলের প্রতিবাদে তারা গত তিন-চার মাস ধরে বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছেন। এতে পরিবহন ব্যয় বেড়ে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে বলেও তারা দাবি করেন।
সভায় কয়েকজন ব্যবসায়ী ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে এর নিন্দা জানান উপস্থিত শ্রমিক ও ব্যবসায়ীরা। তারা অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি তদন্ত করে নির্ধারিত হারে টোল আদায়ের ব্যবস্থা করার দাবি জানান।
ইউএনও শিল্পী রানী মোদক বলেন, টোল আদায়ের বিষয়টি উপজেলা প্রশাসনের সরাসরি এখতিয়ারভুক্ত নয়; এটি বিআইডব্লিউটিএর আওতাধীন। তবে শ্রমিক ও ব্যবসায়ীদের সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আলোচনার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে ব্যবসায়ীদের প্রয়োজনীয় অনুমতিপত্র ও লাইসেন্স নিয়ে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার পরামর্শ দেন।
সভায় নৌযান শ্রমিক, ব্যবসায়ী, মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির নেতাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









