কক্সবাজারের উখিয়ায় ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) আ. ম. ফারুক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসআরবি-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ফারির বিল এলাকায় মাদক কারবারিদের ইয়াবা মজুদের খবর পেয়ে হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে দুদু মিয়ার বাড়ির এলাকায় পৌঁছালে অভিযান দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে তল্লাশি চালানো হয়। এ সময় দুদু মিয়ার বাড়ির গেটের সামনে থাকা একটি ড্রেনের ভেতর থেকে ১০টি কার্টন ভর্তি অবস্থায় ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









