ভোলার দৌলতখানে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধে প্রায় ৩ কিলোমিটার খাল পরিষ্কার করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ওয়াজদ্দী বাড়ির খালে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহীমের নির্দেশনায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কচুরিপানায় খালটি ভরাট হয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। এতে কয়েকটি গ্রামের ফসলি জমি ও বসতবাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হতো। দুর্ভোগে পড়তেন কৃষক ও সাধারণ মানুষ।
বিএনপি নেতারা জানান, প্রায় ১২ দিন ধরে পর্যায়ক্রমে খালটির কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার অনেকটাই সমাধান হয়েছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়।
সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম বলেন, ‘‘কচুরিপানায় খালটির পানি প্রবাহ দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছিল। খাল পরিষ্কার হওয়ায় পানি দ্রুত নিষ্কাশন হবে এবং কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।’’
পরিচ্ছন্নতা কার্যক্রমে উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুবদল সম্পাদক আজাদ ব্যাপারী, স্বেচ্ছাসেবক দল সভাপতি কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি আকতার ফরাজী, ছাত্রদল সভাপতি রবিউল হাসান রিহান, সাধারণ সম্পাদক আহসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









