তুরাগ নদের পাড়ে মাছ ধরতে গিয়ে শেষ হয়ে গেল দুটি কচি প্রাণ। টঙ্গীর তুরাগ নদে নিখোঁজ হওয়ার একদিন পর উদ্ধার করা হলো ১০ বছর বয়সী আবু ইউনুস ও ৯ বছরের নিরবের নিথর দেহ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রায় ২৩ ঘণ্টার দীর্ঘ চেষ্টার পর দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তুরাগের রেলওয়ে ব্রিজের নিচ থেকে প্রথমে আবু ইউনুস পরে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে জলমগ্ন নদের একই এলাকা থেকে অপর শিশু নিরবের ভাসমান মরদেহ উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা।
স্থানীয় ও উদ্ধারকারী দল সূত্র জানায়, টঙ্গীর জামাই বাজার এলাকার রেলওয়ে ব্রিজের নিচে মাছ ধরতে গিয়ে একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, নিখোঁজের খবর পাওয়া মাত্রই উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে রাতের অন্ধকার ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাত সাড়ে ৭টার দিকে সাময়িকভাবে তল্লাশি স্থগিত রাখা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









