মধ্যনগর ও তাহিরপুর উপজেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে স্বীকৃত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে ইলেকট্রিক শকে মাছ শিকারের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন রুপনগর আনসার ক্যাম্পের সদস্যরা।
এ সময় ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারে ব্যবহৃত তিনটি ব্যাটারি, ইলেকট্রনিক জালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবীর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধভাবে মাছ শিকার বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি করা হচ্ছে। এরই অংশ হিসেবে হাওরের বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, “টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও অবৈধভাবে মাছ শিকার বন্ধে উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হাওরের পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









