নতুন স্বপ্ন, প্রত্যাশা আর উচ্চশিক্ষার পথচলার সূচনায় চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নবীন শিক্ষার্থীদের রিসিপশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ্ মো. মুসা জঙ্গী। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন এবং কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক নিয়ামত আলী।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ভর্তি কমিটির আহ্বায়ক মো. মোদাশ্বের হোসেন।
অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেন অতিথি ও শিক্ষকরা। এ সময় নবীন শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









